সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: হাফিজ উদ্দিন আহমদ

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়ন প্রকল্পে সংসদীয় তদারকির গুরুত্ব

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার পাশাপাশি সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার তদারকি করা সংসদ সদস্যদের দায়িত্ব।

তিনি আশা প্রকাশ করেন, অরিয়েন্টেশন কর্মসূচি থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সংসদ

স্পিকার বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে। তাঁর ভাষ্য, বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে।

সরকারের উন্নয়ন প্রকল্পে সহযোগিতার জন্য ইউএনডিপির ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় সংসদের উন্নয়ন প্রকল্পে সংস্থাটির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

জবাবদিহি বেড়েছে নির্বাচিত সংসদে: ডেপুটি স্পিকার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।

তিনি আরও বলেন, যেভাবে ফ্যাসিবাদ বিতাড়িত করা সম্ভব হয়েছে, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হবে।

উন্নয়নের সুফল পৌঁছাতে হবে প্রকৃত উপকারভোগীদের কাছে: চিফ হুইপ

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ ও সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই হবে না। বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির অভীষ্ট অর্জনে ভূমিকা রাখা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।

এ সময় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন