১৬-১৭ বছরের রাজনৈতিক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের তদন্তে বিভিন্ন জেলায় যাবে ট্রাইব্যুনালের তদন্ত দল; তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান
বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে আদালতে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
বিচার প্রশ্নবিদ্ধ হোক, চায় না সরকার
আইনমন্ত্রী বলেন, আদালত অঙ্গনে একজন আসামিকে নিয়ে যাওয়ার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তাঁর দৃষ্টিতেও এসেছে। বিষয়টি আইন মন্ত্রণালয়ের সরাসরি আওতাভুক্ত না হলেও ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট আসামিকে একজন কুখ্যাত অপরাধীর মতো করে নিয়ে গিয়ে ফেরত পাঠানোর বিষয়টি ঘটেছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি নিশ্চয়তা দেন।
তিনি বলেন, কোনো বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট কোনো রায়ের প্রত্যাশা না করে ন্যায়বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।
আইনমন্ত্রীর ভাষ্য, এসব প্রমাণ যেকোনো দেশের আদালত বা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে ন্যায়বিচারের ভিত্তিতে অপরাধীদের সাজা হওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে।
তদন্তে বিভিন্ন জেলায় যাবে ট্রাইব্যুনালের দল
আইনমন্ত্রী জানান, বিগত ১৬ বছরের গুম-খুন, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং চিফ প্রসিকিউটরের সমন্বয়ে তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে।
এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তদন্ত দল জেলায় জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনৈতিক কর্মীদের সহযোগিতা করতে হবে। কোথায়, কার ইন্ধনে বা প্রশ্রয়ে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্ত কর্মকর্তাদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া নিয়ে সংসদে উদ্বেগ
এর আগে খুনের মামলায় অভিযুক্ত মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর। এ বিষয়ে তিনি আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।
তিনি বলেন, জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিচার চলমান। গত বৃহস্পতিবার তাঁকে হাজিরার জন্য আদালতে নেওয়ার সময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদেরও প্রটোকল দেওয়ার মতো মনে হয়েছে।
সংসদ সদস্য বলেন, খুনের মামলার একজন অভিযুক্তকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাঁকে তা পরানো হয়নি। এ ঘটনায় তিনি এবং বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অনেক পরিবার মর্মাহত ও আতঙ্কিত হয়েছেন। এ বিষয়ে তিনি আইনমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন।
জবাবে আইনমন্ত্রী আদালত অঙ্গনে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

