মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

এক থানার নাম পরিবর্তন, দুই উপজেলার প্রশাসনিক সদর দপ্তরও স্থানান্তর হচ্ছে

দেশে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

নতুন দুটি থানা স্থাপন

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন দুটি পৌরসভা গঠন

নিকার সভায় বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

উদ্যোগী মন্ত্রণালয় ও বিভাগ

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন