সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের চা শিল্পের আধুনিকায়ন, মডেল টি এস্টেট স্থাপন এবং চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান অধ্যাপক শেখ আলিউর রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য ও পর্তুগালের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশিদের প্রশংসা, পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বাংলাদেশিদের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তাঁরা পর্তুগালের জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উৎসাহের সঙ্গে অংশ নেন। মিউজিক ও গানের পরিবেশনার মাধ্যমে দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেন। পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের চা শিল্পে বিনিয়োগ ও আধুনিকায়নের আগ্রহ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে অধ্যাপক শেখ আলিউর রহমান বলেন, দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তাঁরা আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশের চায়ের গুণগত মান অত্যন্ত ভালো এবং আন্তর্জাতিক বাজারে এ চায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের মডেল টি এস্টেট স্থাপনে তাঁদের আগ্রহ রয়েছে। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে মডেল টি এস্টেট স্থাপনে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

চা শ্রমিকদের অধিকার ও সামাজিক নিরাপত্তায় গুরুত্ব

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবেই এ দেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, চা শ্রমিকদের অনেকেই এখনও শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা করলেই হবে না; শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের চা শিল্পের আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাজ্য ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন