ভারতের পক্ষ থেকে কোনো শর্তের কথা বাংলাদেশকে জানানো হয়নি বলে দাবি শামা ওবায়েদের; আওয়ামী লীগের বিরুদ্ধে পেট্রোল বোমা হামলার অভিযোগও তাঁর
শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিবেদনে উল্লেখ করা কোনো বিষয় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের শর্ত নিয়ে প্রতিবেদন
সম্প্রতি ‘শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। এতে বলা হয়, দিল্লির সরকারি কর্মকর্তারা গণমাধ্যমটিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধান শর্ত মূলত দুটি।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হলো, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নিতে হলেও বাংলাদেশ সেনাবাহিনীকেই একইভাবে নিতে হবে।
দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব শর্ত পূরণের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতে দিল্লি কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে।
ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ
বিবিসির প্রতিবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এ ধরনের প্রতিবেদন যে কেউ করতে পারে। তবে ভারত সরকার এ রকম কোনো চাওয়া বা শর্তের কথা বাংলাদেশকে জানায়নি।
আওয়ামী লীগের বিরুদ্ধে পেট্রোল বোমা হামলার অভিযোগ
এদিকে, বিগত সময়ের মতো এখনও পেট্রোল বোমা হামলা চালিয়ে আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

