সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি; অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা দেবে যুক্তরাষ্ট্রের সংস্থা

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থার (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ডিএফসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পগুলোকে সহায়তা করছে। একই সঙ্গে এসব বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখছে। বাংলাদেশের নতুন এই যোগ্যতা দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

বিনিয়োগঘাটতি পূরণে অর্থায়ন সুবিধা

ডিএফসির মতে, তাদের অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা গুরুত্বপূর্ণ বিনিয়োগঘাটতি পূরণে সহায়তা করবে। পাশাপাশি অর্থায়ন সংকটের কারণে যেসব প্রকল্পের বাস্তবায়ন অনিশ্চয়তায় থাকে, সেগুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, সংস্থাটির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে—এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মুক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও সমৃদ্ধিতে ভূমিকার আশা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।

এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। ডিএফসির অর্থায়ন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা উভয় দেশের সমৃদ্ধি বাড়াবে বলে মন্তব্য করেন তিনি।

ডিএফসির কার্যক্রম

উল্লেখ্য, ডিএফসি বেসরকারি পুঁজি সংগ্রহের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া এবং অংশীদার দেশগুলোর সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে কাজ করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন