বাজারে হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক, কৃত্রিম চাহিদা তৈরির বিষয়ে সতর্কবার্তা
বিদেশি মুদ্রার বাজারে অস্থিরতার মধ্যে সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডলারের দর নিয়ন্ত্রণে তারা বাজারে হস্তক্ষেপ করবে না। তবে আমদানি বা বৈদেশিক দায় পরিশোধের প্রয়োজন না থাকা সত্ত্বেও কোনো ব্যাংক বা ব্যক্তি ডলার কিনলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাসখানেক ধরে ডলারের দর বাড়তে থাকার মধ্যে রোববার বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর সরোয়ার হোসেনের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রয়োজন ছাড়া ডলার না কেনার নির্দেশনা
বৈঠকে ব্যাংকগুলোকে সতর্ক করে বলা হয়, আমদানি বা বিদেশি দায় মেটানোর প্রয়োজন না থাকলে রেমিট্যান্স হাউস বা বাজার থেকে ডলার কেনা যাবে না। কৃত্রিম চাহিদা তৈরি করে ডলার কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তি ও ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত একটি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, অনেক ব্যাংকেরই আমদানি ঋণপত্র (এলসি) নেই। আবার অনেক ব্যাংকের বৈদেশিক দায় পরিশোধের চাপ না থাকলেও তারা ডলার কিনছে। এতে যেসব ব্যাংকের ডলার প্রয়োজন, তারা বাধ্য হয়ে বেশি দামে কিনছে। ফলে ডলারের দর বাড়ছে।
তিনি বলেন, বিষয়টি সভায় উপস্থাপন করা হলে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে চাহিদা না থাকলে ডলার না কেনার নির্দেশনা দেয়।
বাজারে অনিয়ম হলে ব্যবস্থা
চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি থাকলে ডলারের দর বাড়তে পারে। তবে বাজারে তেমন কোনো ঘাটতি নেই বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রোববার রাতে বলেন, ডলারের দর বাড়ানোর চেষ্টার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংক বিদেশি মুদ্রাবাজার তদারকি করছে। কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যক্তি বা ব্যাংক—যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এ কারণে চাহিদা না থাকলে রেমিট্যান্স কেনা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে না, করবেও না। তবে বাজারে কেউ অনিয়ম করছে কি না, তা পর্যবেক্ষণ করবে কেন্দ্রীয় ব্যাংক।
গত সপ্তাহে আরিফ হোসেন খান বলেছিলেন, ডলারের দর বাড়ার পেছনে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সামনে রোজার পণ্য আমদানির চাহিদারও কিছুটা প্রভাব থাকতে পারে।
আন্তব্যাংক ও খোলাবাজারে ডলারের দর
কিছুদিন স্থিতিশীল থাকার পর গত কয়েক দিনে আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৭৫ পয়সা। গত সপ্তাহে তা ১২৪ টাকা ৮৫ পয়সায় উঠেছিল। অন্যদিকে খোলাবাজারে ডলারের দর ১২৮ টাকা ১০ পয়সা ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবরের শুরুতে আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২৩ টাকা। মাসের শেষ কার্যদিবসে তা বেড়ে দাঁড়ায় ১২৩ টাকা ৯৯ পয়সায়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তব্যাংক বাজারে ডলারের বিনিময় হার ১২১ টাকা থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে চলতি বছরের মার্চ থেকে ডলারের দর আবার বাড়তে শুরু করে।
রিজার্ভ থেকে বিক্রি ৪৬ কোটি ২০ লাখ ডলার
গত প্রায় এক মাস ধরে ডলারের দরবৃদ্ধির মধ্যে বাজার স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে চার দফায় ৪৬ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। অথচ এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নিলামে ১২৪ কোটি ডলার কিনতে প্রস্তাব দিয়েছিল ব্যাংকগুলো।
এসব ডলার বিক্রির বিনিময় হার ছিল ১২৩ টাকা ৬৩ পয়সা থেকে ১২৪ টাকা ৮৫ পয়সা। এক মাসের ব্যবধানে আন্তব্যাংক বাজারে ডলারের দর বেড়েছে ১ টাকা ১২ পয়সা বা শূন্য দশমিক ৯০ শতাংশ।
বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেলে বা দর কমার আশঙ্কা দেখা দিলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনে নেয়। অন্যদিকে ব্যাংকগুলোতে ডলারের চাহিদা বেড়ে গেলে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
গত এক মাসে বাংলাদেশ ব্যাংক কেবল ডলার বিক্রি করেছে। সবশেষ গত ১২ নভেম্বর ২০ কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এর গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৮৫ পয়সা। অন্যদিকে ব্যাংকগুলোর কাছ থেকে সবশেষ গত ১ সেপ্টেম্বর পাঁচ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

