জুলাই-অক্টোবরে পণ্য রপ্তানিতে ২.৬৩ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের
ভারতের বাজারে নানা বাধা-বিপত্তির মধ্যেও বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানির আয় বেড়েছে। একই সময়ে চামড়া খাতও ইতিবাচক ধারা ধরে রেখেছে। তবে দেশটিতে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ দেশভিত্তিক তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ভারতে ৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ খাতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় প্রায় দ্বিগুণ হয়েছে।
পোশাক রপ্তানি থেকে আয় কমেছে ৫.৩৮ শতাংশ
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে ভারতে তৈরি পোশাক রপ্তানি করে ২৫ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলার আয় করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২৬ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার। সে হিসাবে পোশাক রপ্তানি থেকে আয় কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ।
পাট খাত থেকে আয় বাড়ার কারণেই জুলাই-অক্টোবর সময়ে ভারতের বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। এ চার মাসে দেশটিতে ৬৫ কোটি ৩ লাখ ১০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের বিভিন্ন খাতের রপ্তানিকারকরা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি।
কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাণিজ্যিক বিধিনিষেধ
প্রায় সোয়া দুই বছর ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আগস্টের শুরুতে তা গণ-অভ্যুত্থানে রূপ নিলে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। পরে তিনি ভারতে আশ্রয় নেন।
এর মধ্যে গত বছরের ৯ এপ্রিল ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য পাঠানোর সুবিধা প্রত্যাহার করে নেয় ভারত সরকার।
ভারতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং প্লাস্টিক দ্রব্য। এ ছাড়া কিছু সুতা ও বস্ত্রজাত পণ্যও রপ্তানি হয়। প্রতিবেশী দেশটিতে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় অর্ধেকই তৈরি পোশাক।
স্থলবন্দরে একের পর এক বিধিনিষেধ
গত বছরের ১৭ মে ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) ঘোষণা দেয়, ভারতের কেবল নবসেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন।
একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিএস) বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, সুতার উপজাত ও আসবাবপত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী শুল্ক স্টেশনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত জানানো হয়।
এরপর গত বছরের ২৭ জুন বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পাট ও পাটজাত পণ্য এবং কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত।
পাট রপ্তানিতে সমুদ্রবন্দরের ওপর নির্ভরতা
ভারতে বাংলাদেশের প্রায় সব পণ্যই স্থলপথে রপ্তানি হতো। এর বড় অংশ যেত বেনাপোল স্থলবন্দর দিয়ে। দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ২৫ শতাংশ আসে পাট ও পাটজাত পণ্য থেকে।
গত বছরের ১৭ মে জারি করা প্রজ্ঞাপনে ডিজিএফটি জানায়, বাংলাদেশ থেকে এসব পণ্য নবসেবা বা জওহরলাল নেহরু সমুদ্রবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে।
তবে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে এসব পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু এসব পণ্য পুনরায় ভারতে রপ্তানি করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ থেকে স্থলপথে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়া পণ্য সেখান থেকে ভারতে প্রবেশ করতে পারবে না।

