তিন মাইক্রোবাসে এসে শতাধিক ফাঁকা গুলি, আতঙ্কে ফাঁকা দত্তপাড়া বাজার
নাটোর সদরের দত্তপাড়া এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিন মাইক্রোবাসে এসে গুলি ও বিস্ফোরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মাইক্রোবাসে করে ২০ থেকে ২৫ জন ব্যক্তি দত্তপাড়া বাজারে আসে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর প্রায় শতাধিক ফাঁকা গুলি ছোড়ে।
গুলি ও বিস্ফোরণের শব্দে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পর গুলি ও ককটেল ছোড়া দলটি আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।
জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ
ওসি মো. মনসুর রহমান বলেন, কারা ককটেল ও গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আওয়ামী লীগের নাশকতা রুখতে দত্তপাড়া বাজারে বিক্ষোভ করেছেন নাটোর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

