কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু, মিষ্টি ও সিঙ্গাড়ায় নিষিদ্ধ রং ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিদপ্তর।
কুমিল্লায় বেকারির খাদ্যদ্রব্যে কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যেসব অনিয়ম পাওয়া গেছে
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জানায়, অভিযানে বেকারিতে তৈরি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু, মিষ্টি ও সিঙ্গাড়ায় নিষিদ্ধ কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যদ্রব্য তৈরি করতে দেখা যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
মো. কাউছার মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

