প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া তিনটি ঘরের সঙ্গে নিজের অর্থায়নে আরও একটি ঘর যুক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী; প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার হিসেবে উৎসর্গ
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে হাটহাজারীতে গৃহহীন চারটি পরিবারের জন্য নতুন ঘরের ব্যবস্থা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া তিনটি ঘরের সঙ্গে নিজের ব্যক্তিগত অর্থায়নে আরও একটি ঘর যুক্ত করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) হাটহাজারীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এ উদ্যোগকে জন্মদিনের উপহার হিসেবে উৎসর্গ করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার মতো সামর্থ্য বা ক্ষমতা তাঁর নেই। তবে হাটহাজারীর সুবিধাবঞ্চিত ও গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী যে তিনটি ঘর উপহার দিয়েছেন, তার সঙ্গে নিজের অর্থায়নে আরও একটি ঘর যুক্ত করে মোট চারটি পরিবারের জন্য ঘরের ব্যবস্থা করেছেন। এই ক্ষুদ্র প্রয়াস তিনি প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে নিবেদন করছেন।
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী চান বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন হোক। তাঁর এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
হাটহাজারীর উন্নয়নে আরও উদ্যোগের আশ্বাস
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলাকার জনকল্যাণমূলক প্রয়োজন ও সমস্যার কথা তাঁকে নির্দ্বিধায় জানাতে হবে। এসব বিষয় সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপনের পাশাপাশি তিনি নিয়মিত এলাকায় এসে সরেজমিনে মানুষের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন।
তিনি জানান, সরকারি অর্থায়নে যেসব উন্নয়ন প্রকল্প বর্তমানে স্থগিত বা বন্ধ রয়েছে, সেগুলো দ্রুত পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদসহ প্রয়োজনীয় অবকাঠামোর সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে সবসময় জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা ও দোয়া কামনা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা জানান। সেখানে তিনি প্রধানমন্ত্রীর আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামকে আগামীর বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতাকর্মীরা।
সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং মৌলিক চাহিদা পূরণে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে হাটহাজারীতে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

