রবিবার, ২২ নভেম্বর ২০২৬

এনবিআর পুনর্গঠনে নতুন বিল প্রায় প্রস্তুত: অর্থ সচিব

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের উদ্যোগের কথা জানিয়ে অর্থ সচিব বলেছেন, নতুন বিলটি সংসদে তোলার জন্য প্রায় প্রস্তুত। জমির প্রকৃত বাজারদর অনুযায়ী মৌজা রেট নির্ধারণ করে নিবন্ধন করের হার কমানোর পরিকল্পনাও রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশে কিছু ত্রুটি ছিল বলে মনে করেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। এসব ত্রুটি সংশোধন করে নতুন বিল হিসেবে সংসদে তোলার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) ঢাকার একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) আয়োজিত রাজস্ব ঘাটতি বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ সচিব বলেন, “এটি এনবিআর কর্মকর্তাদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি নিশ্চিত করবে যে, নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের কাজ একই ব্যক্তির হাতে থাকবে না। এর ফলে নীতিমালা প্রণয়নে জাতীয় অগ্রাধিকারগুলো আরও ভালোভাবে প্রতিফলিত হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়াও আরও কার্যকর হবে।”

জমির প্রকৃত বাজারদরে নির্ধারিত হবে মৌজা রেট

অনুষ্ঠানে জমির মৌজা রেট নতুন করে নির্ধারণ করে নিবন্ধন খরচ কমিয়ে আনার সরকারি পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থ সচিব।

তিনি বলেন, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, গত দুই বছরের জমি নিবন্ধনের রেকর্ডের ভিত্তিতে প্রতি দুই বছর পরপর মৌজা রেট নির্ধারণ করা হয়। যেহেতু গত দুই বছরের নিবন্ধন মূল্য অনেক কম ছিল, তাই গড় হিসাব করলে ভবিষ্যতেও এই হার কমই থেকে যাবে।

অর্থ সচিব বলেন, আগামী মাস থেকে নতুন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এনবিআরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যরা থাকবেন। তাঁরা সরাসরি বাজারে গিয়ে নিবন্ধন মূল্যের পরিবর্তে জমির প্রকৃত বাজারদর যাচাই করবেন।

তিনি বলেন, জমির প্রকৃত মৌজা রেট নির্ধারণ করা গেলে নিবন্ধন করের হার কমানো হবে। মৌজা রেট ও করের হারের সমন্বয়ের মাধ্যমে আবাসন ও ভূমি খাত থেকে ন্যায্য রাজস্ব আহরণ সম্ভব হবে বলে আশা করছে সরকার।

বর্তমান কাঠামোয় প্রকৃত মূল্যের চেয়ে কম দামে জমি নিবন্ধন হওয়ায় সরকার একদিকে রাজস্ব হারায়, অন্যদিকে বিক্রেতার বিপুল পরিমাণ অর্থ অপ্রদর্শিত থেকে যায়।

উচ্চ আয়ের পরিবার থেকে কর আদায়ে জোর দেওয়ার সুপারিশ

অনুষ্ঠানে ‘মিসিং রেভেনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস, অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি তুলে ধরেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের তথ্য ব্যবহার করে ব্যক্তি আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়েছে।

র‍্যাপিডের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বিদ্যমান করব্যবস্থার মধ্যেই বিপুল পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে। শুধু ব্যক্তি আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাট থেকেই সম্ভাব্য অনাদায়ী রাজস্বের পরিমাণ জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ।

তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে ব্যক্তি আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ। অথচ প্রকৃত আদায় ছিল মাত্র শূন্য দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ, এ খাতে ঘাটতি ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ পয়েন্ট।

একইভাবে অভ্যন্তরীণ ভ্যাট থেকে সম্ভাব্য আদায় ছিল জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ। বিপরীতে প্রকৃত আদায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ। এ ক্ষেত্রে ঘাটতি ২ দশমিক ০২ শতাংশ পয়েন্ট।

রাজ্জাক বলেন, গবেষণায় শুধু ব্যক্তি আয়কর এবং গৃহস্থালির ভোগের সঙ্গে সম্পর্কিত দেশীয় পণ্য ও সেবার ভ্যাট বিবেচনা করা হয়েছে। বিদ্যমান আইন যথাযথভাবে পরিপালিত হলে কর-জিডিপি অনুপাত অন্তত প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা ছিল।

গবেষণায় করপোরেট আয়কর, আমদানি পর্যায়ের ভ্যাট ও অন্যান্য কর অন্তর্ভুক্ত করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ফলে সামগ্রিক অনাদায়ী রাজস্বের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।

সম্ভাব্য আয়করের ৯৩ শতাংশের বেশি দেওয়ার কথা শীর্ষ ১০ শতাংশ পরিবারের

গবেষণায় বলা হয়েছে, দেশের অন্তত ৭০ শতাংশ পরিবারের ব্যক্তি আয়কর দেওয়ার মতো আয় নেই। অন্যদিকে, সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা।

রাজ্জাক বলেন, “ফলে আয়করভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান মনোযোগ দেওয়া প্রয়োজন উচ্চ আয়ের পরিবারগুলোতে।”

দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের বোঝা বেশি

গবেষণায় ভ্যাটের বোঝা দরিদ্র পরিবারের জন্য তুলনামূলকভাবে বেশি বলেও উল্লেখ করা হয়েছে।

রাজ্জাক বলেন, দরিদ্রতম ১০ শতাংশ পরিবার তাদের জরিপে উল্লেখ করা আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশের সমপরিমাণ ভ্যাট বহন করে। অন্যদিকে, ধনীতম ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এ অনুপাত মাত্র ২ দশমিক ৮ শতাংশ।

তবে ভোগব্যয়ের অনুপাতে হিসাব করলে বিভিন্ন আয়শ্রেণিতে ভ্যাটের বোঝা অনেকটাই সমানুপাতিক দেখা যায়। দরিদ্র পরিবারের প্রকৃত আয় জরিপে কম প্রতিফলিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

এ গবেষণায় এনবিআরের রাজস্ব আদায়ের চিত্রের সঙ্গে ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গার্ডেস, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা এবং র‍্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন