শরীরে আঘাতের চিহ্ন থাকার দাবি বাবার; জিজ্ঞাসাবাদের জন্য আটক মাদ্রাসার পরিচালক
দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন নামে সাত বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার পর বিরল পৌর শহরের কলেজ রোডে মাদ্রাসাতুস সুন্নাহর একটি শৌচাগার থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাফায়েত হোসেন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন বাবা।
যেভাবে উদ্ধার হয় মরদেহ
জানা গেছে, রাত ৮টার দিকে মাদ্রাসার পরিচালক মোকাররম হোসেন শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। পরে দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়া পাননি তিনি।
একপর্যায়ে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে সাফায়েতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত করছে পুলিশ
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

