সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

প্রতিরক্ষা ও বিনিয়োগে বাংলাদেশ-তুরস্কের অংশীদারত্ব জোরদারের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মানবিক সহায়তায় সহযোগিতা নিয়ে তারেক রহমান- এরদোয়ানের ফলপ্রসূ আলোচনা

প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর এ অগ্রগতির কথা জানিয়েছে বাংলাদেশ।

আজ এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ বিশ্বনেতাদের সম্মেলনের সাইডলাইনে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠককে অত্যন্ত আন্তরিক ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা একটি শক্তিশালী ও আরও পূর্ণাঙ্গ অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছি।’

প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও সহযোগিতা

হুমায়ুন কবির জানান, দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনায় বিশেষ আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।

সীমিতসংখ্যক নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এরদোয়ানের

বৈঠকটির গুরুত্ব তুলে ধরে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজক হিসেবে অত্যন্ত ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান সফররত সরকারপ্রধানদের মধ্যে সীমিতসংখ্যক নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

তিনি বলেন, ‘প্রথম দিনেই যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠকটি ছিল অন্যতম।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশ ও দেশটির নেতৃত্বের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের গুরুত্বারোপের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা

দুই নেতা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন এবং সমন্বিত কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেছেন বলে জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় যে উদ্বেগ বাড়ছে, তা বিবেচনায় নিয়ে উভয় পক্ষ কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করেছে।

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা ও মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘খুবই ইতিবাচক আলোচনা হয়েছে।’

তারেক রহমানকে ‘প্রিয় ভাই’ বললেন এরদোয়ান

প্রতিমন্ত্রী জানান, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এরদোয়ানের বক্তব্য উদ্ধৃত করে হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার একজন প্রিয় ভাই ও এমন একজন নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশকে তাঁর দেশের সক্ষমতার মধ্যে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এরদোয়ানের বক্তব্য উদ্ধৃত করে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের জন্য আমার এবং তুরস্কের সক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব, আমি তা করব। শুধু কোথায় এবং কী করা প্রয়োজন আপনাকে তা আমাকে জানাতে হবে।’

সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা

হুমায়ুন কবির জানান, দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ়। বৈঠকে অর্জিত সমঝোতা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিনিয়োগ এবং মানবিক কূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী। ইনশাআল্লাহ, এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন