মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন সমীক্ষার নির্দেশ

বিদ্যুতের অপচয় রোধে ৩০ নভেম্বরের মধ্যে সাব-মিটার ও সেন্সর স্থাপনের নির্দেশ; ফারহান ফাইয়াজ মাঠের ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয় যাচাইয়ে সাব-কমিটি গঠন

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নতুন করে জরিপের নির্দেশ দিয়েছে এ-সংক্রান্ত মতামত প্রদান কমিটি। ডিপিডিসির মাধ্যমে প্রণীত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ডিপিডিসির মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

কমিটির কাছে ডিপিডিসির মাধ্যমে প্রণীত ডিপিপি ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক মনে না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে জরিপ সম্পন্ন করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়। প্রস্তুত করা প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কমিটির সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

বিদ্যুতের অপচয় রোধে সাব-মিটার ও সেন্সর স্থাপন

জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সময়সীমার মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফারহান ফাইয়াজ মাঠের ব্যয় যাচাইয়ে সাব-কমিটি

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি ও এ-সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয় যাচাইয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন এমপি ও মারদিয়া মমতাজ এমপির সমন্বয়ে গঠিত এ সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা থাকবেন। আগামী সভায় এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

ফিলিং স্টেশনের চুক্তি পুনর্বিবেচনায় আপত্তি

সভায় গণপূর্ত অধিদপ্তরের PWD Sports Club Filling Station-এর ব্যবহার ও পরিচালনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাব-সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়।

একই সঙ্গে চুক্তিনামাসহ পুরো বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন যারা

সভায় কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, মো. সাইফুল আলম এমপি এবং মারদিয়া মমতাজ এমপি উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন