জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খাদ্যে ভেজালের বিভিন্ন ঘটনায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা; পরীক্ষাগারের সক্ষমতা বাড়াতে ঢাকাসহ তিন স্থানে ল্যাব স্থাপনের উদ্যোগ
খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগ ও জরিমানা করে খাদ্যে ভেজাল পুরোপুরি বন্ধ করা কঠিন। এ জন্য মানুষের মধ্যে নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত করা জরুরি।
আজ জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
চার মাসে ৩ কোটি ৫৫ লাখ টাকার বেশি জরিমানা
খাদ্যমন্ত্রী জানান, খাদ্যে ভেজাল শনাক্তে সরকারি বিভিন্ন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এসব পরীক্ষার ভিত্তিতে বিভিন্ন অনিয়মের ঘটনায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা বিষয়ে শিশুদের সচেতন করা এবং নারীদের নিয়ে সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরকারি উদ্যোগের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারি স্বীকৃত পরীক্ষাগারে ৭১৭টি, মোবাইল ল্যাবে ৪ হাজার ৭৮৭টি এবং জেলা পর্যায়ের মিনিল্যাবে ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
খাদ্যে ভেজাল প্রতিরোধে আরও কঠোর আইন প্রণয়নের বিষয়টি বিবেচনার জন্য তিনি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে আইনমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আইনের প্রস্তাব পাঠানো হলে তা যাচাই-বাছাই করে যুগোপযোগী ও জনকল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হবে।
তিন স্থানে পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ
এদিকে, ময়মনসিংহ-১০ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, খাদ্যপণ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান ও দূষক শনাক্তে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) আর্থিক ও কারিগরি সহায়তায় রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে দুটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব পরীক্ষাগারের যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা যাচাই আরও কার্যকর হবে বলে জানান তিনি।

