সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশ সুপার জাহাংগীরের চার দিনের রিমান্ড

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রাষ্ট্রপক্ষের; সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আদালতের

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের দাবি, রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তিনি। একই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে জাহাংগীর আলমকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করা হয়। এ সময় তদন্তকারী সংস্থা এসআরইউ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রের কর্মচারী হয়ে ষড়যন্ত্রের অভিযোগ

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহফুজুল হক ভূঁইয়া বলেন, ‘জাহাংগীর আলম তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বস্ত করেছিলেন, জীবনের শেষ বিন্দু পর্যন্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যাবেন। বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রাণ উৎসর্গ করবেন এবং যেকোনো সিদ্ধান্ত নিতে বিলম্ব করবেন না। রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা উদ্ঘাটন করা হবে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

যে অভিযোগে গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নগরের সিএমপি অফিসার্স মেস থেকে এসআরইউ ও পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে এসআরইউ কার্যালয়ে নেওয়া হয়।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা বর্তমানে আমাদের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। রাষ্ট্রদ্রোহের মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন গতকাল পেয়েছি। এরপর রাতেই সিএমপির অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ জানায়, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর শনিবার রাতে পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়।

স্ত্রীর দাবি, ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে

এদিকে, জাহাংগীর আলমকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তিনি বলেন, তাঁর স্বামীর মোবাইল ফোন হ্যাক করা হয়েছে। তাঁর স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়

এর আগে অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর মঙ্গলবার জাহাংগীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। একই দিন তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্র জানায়, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সরবরাহের অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার এজাহারে জাহাংগীর আলমের মোবাইল ফোন থেকে পাঠানো কয়েকটি বার্তার বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি বার্তায় ডিসেম্বরে ব্যাপক জনসমাগমের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাঁর বাবার আন্দোলনে অংশ নেওয়ার প্রসঙ্গও ওই বার্তায় উল্লেখ রয়েছে। একই বার্তায় বাংলাদেশকে উদ্ধারের আহ্বান জানানো হয়েছে। এ ধরনের আরও কয়েকটি বার্তার উল্লেখ রয়েছে এজাহারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন