মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার

দুবাইফেরত যাত্রীর কাছ থেকে উদ্ধার বস্তুর আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা; আটক যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় হাসান মিয়া নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

আজ সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসা হাসান মিয়ার ওপর নজরদারি করা হয়।

রেক্টাম থেকে উদ্ধার চারটি ডিম্বাকৃতির বস্তু

সিআইআইডি জানায়, এক্স-রে পরীক্ষায় ওই যাত্রীর রেক্টামে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।

তবে উদ্ধার করা এসব বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সংশ্লিষ্টতার ধারণা

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত করা এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের উদ্ঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন