২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে বাড়তি প্রবৃদ্ধির ৪১ শতাংশ উৎপাদনশিল্পের অবদান; সিমেন্ট ও জাহাজ নির্মাণে অস্বাভাবিক প্রবৃদ্ধির তথ্য
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হিসাবে উৎপাদনশিল্পের অবদান নিয়ে বড় ধরনের অসংগতি পেয়েছে বিশেষজ্ঞ কমিটি। কমিটির পর্যালোচনায় দেখা গেছে, ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত সময়ে জিডিপির প্রবৃদ্ধি আগের চার বছরের তুলনায় যে পরিমাণ বেড়েছে, তার প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প খাত থেকে। তবে এ খাতের কয়েকটি উপখাতে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ প্রবৃদ্ধির তথ্য পাওয়া গেছে। বিশেষ করে সিমেন্ট ও জাহাজ নির্মাণশিল্পের প্রবৃদ্ধির হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি।
উৎপাদনশিল্পের অবদান প্রায় ৪১ শতাংশ
ড. এ কে এনামুল হক ও ড. অতনু রব্বানীর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত দেশে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পরবর্তী পাঁচ অর্থবছরে, অর্থাৎ ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ সময়ে এই হার বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। দুই সময়ের ব্যবধানে প্রবৃদ্ধি বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ পয়েন্ট।
এই বাড়তি প্রবৃদ্ধির মধ্যে উৎপাদনশিল্পের একক অবদান ছিল ০.৪৬২৭ শতাংশ পয়েন্ট বা প্রায় ৪১ শতাংশ। উৎপাদনশিল্পের বাড়তি প্রবৃদ্ধির প্রায় ৭৯ শতাংশ এসেছে মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান থেকে। এ সময়ে জাতীয় জিডিপিতে উৎপাদনশিল্পের অংশ ১৫ দশমিক ১৬ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ২৫ শতাংশে দাঁড়ায়।
বিবিএসের সেমিনারে প্রতিবেদন উপস্থাপন
শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক প্রতিবেদনটি উপস্থাপন করেন।
তথ্যের সঠিকতা, বিশ্বাসযোগ্যতা, ব্যবহার উপযোগিতা এবং উপাত্ত প্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির তৈরি খসড়া প্রতিবেদনের ওপর মতামত গ্রহণের জন্য এ সেমিনারের আয়োজন করে বিবিএস।
সিমেন্টশিল্পে অস্বাভাবিক প্রবৃদ্ধি
কমিটির পর্যালোচনায় শিল্প উৎপাদন সূচক বিশ্লেষণ করে কয়েকটি খাতে অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সিমেন্টশিল্পের প্রবৃদ্ধির হিসাব বিশেষভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি করা ক্লিঙ্কার থেকে সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে প্রকৃত মূল্য সংযোজন যথাযথভাবে হিসাব করা হয়নি। একই সঙ্গে মজুত পণ্যের সমন্বয় ছাড়াই উৎপাদনের হিসাব করা হয়েছে। এর ফলে সিমেন্ট খাতে পরপর তিন বছর যথাক্রমে ৬১ দশমিক ৬, ৫১ দশমিক ৭ ও ৪৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়।
জাহাজ নির্মাণশিল্পেও অসংগতি
একই ধরনের অসংগতি পাওয়া গেছে জাহাজ নির্মাণশিল্পে। এ খাতে ২০১৪-১৫ অর্থবছরে ২৪২ দশমিক ৪ শতাংশ এবং পরের অর্থবছরে ৯৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়।
কমিটির বিশ্লেষণ অনুযায়ী, কোনো একটি বড় জাহাজ নির্মাণের আদেশ, ইস্পাত কাটার মতো প্রাথমিক কাজ কিংবা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের উৎপাদনকে পুরো শিল্প উপখাতের উৎপাদন হিসেবে গণনা করার কারণে এ ধরনের অস্বাভাবিক প্রবৃদ্ধি তৈরি হয়ে থাকতে পারে।
সাত খাতে মনগড়া প্রাক্কলনের অভিযোগ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সেকেন্ডারি উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সাতটি নির্দিষ্ট খাতে মনগড়া প্রাক্কলন যুক্ত করে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে। তৈরি পোশাকশিল্পে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় সেখানে এ ধরনের কারসাজি করা সম্ভব হয়নি। ফলে পোশাকবহির্ভূত কয়েকটি শিল্প উপখাতে অস্বাভাবিক প্রবৃদ্ধি দেখিয়ে সামগ্রিক উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়।
উপদেষ্টা আরও বলেন, পরিসংখ্যান কোনো সরকারের রাজনৈতিক হাতিয়ার নয়, এটি জনগণের সম্পদ। তাই জাতীয় হিসাবের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা জরুরি।
পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ
তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পরিসংখ্যান ব্যবস্থায় বেশ কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ (সিএপিআই) ও জিও-কোডিং প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাশাপাশি কাস্টমসের তথ্যের পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহার এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রকৃত উৎপাদন যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

