শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসন অপরিহার্য: বাণিজ্যমন্ত্রী

স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিক নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত হয় না; সরকারি-বেসরকারি উভয় খাতেই সুশাসন প্রতিষ্ঠার তাগিদ

টেকসই অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে করপোরেট সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য কেবল মুনাফা বা আর্থিক প্রবৃদ্ধির মাধ্যমে মূল্যায়ন করা যায় না। দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহি, নৈতিক নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যবস্থাপনার বিকল্প নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, করপোরেট গভর্ন্যান্স এখন আর শুধু আইনগত বাধ্যবাধকতা বা বিধিবিধান মেনে চলার বিষয় নয়; বরং এটি বিনিয়োগকারীদের আস্থা অর্জন, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার অন্যতম প্রধান শর্ত। সুশাসন ও জবাবদিহি ছাড়া কেবল আর্থিক সাফল্য কোনো প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে পারে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের সাফল্যে সুশাসন ও জবাবদিহির গুরুত্ব

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশে কোনো প্রতিষ্ঠানের সাফল্য শুধু মুনাফা কিংবা আর্থিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না। প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, নৈতিক নেতৃত্ব এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণও সমান গুরুত্বপূর্ণ।

কার্যকর করপোরেট সুশাসন প্রতিষ্ঠানের বিভিন্ন অংশীজনের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে উল্লেখ করে তিনি বলেন, শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, পাওনাদার ও নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা জরুরি। এ ধরনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করে।

তিনি আরও বলেন, করপোরেট সুশাসনের চর্চা শুধু বেসরকারি খাতে সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারি প্রতিষ্ঠান ও সেবা ব্যবস্থায়ও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি উভয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হলে জনগণের আস্থা বাড়বে, পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতিশীলতা আসবে।

ব্যাংক খাতে সুশাসনের ঘাটতি নিয়ে উদ্বেগ

দেশের ব্যাংকিং খাতে করপোরেট সুশাসনের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, একসময় ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সীমিত করা এবং একই পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে এসব নীতির পরিবর্তন ও শিথিলতার ফলে ব্যাংক খাতে সুশাসনের দুর্বলতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বেশ কিছু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ওপর।

ব্যাংকিং খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন তিনি। মন্ত্রীর ভাষ্য, আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের অর্থ ও আস্থার ওপর নির্ভর করে পরিচালিত হলেও তাদের অধিকার রক্ষায় কার্যকর ও স্বতন্ত্র ন্যায়পাল ব্যবস্থার ঘাটতি রয়েছে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি, ন্যায়সংগত প্রতিকার এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা বজায় রাখতে করপোরেট সুশাসন ও কার্যকর তদারকি জোরদার করা প্রয়োজন।

বিনিয়োগে বাধা প্রশাসনিক জটিলতা

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও জটিলতাকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার বিভিন্ন পর্যায়ে লাইসেন্স, অনুমোদন ও ছাড়পত্র পেতে দীর্ঘ সময় লাগা এবং একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সমন্বয়হীনতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।

তার মতে, অনেক বিনিয়োগকারী বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা দেখে আগ্রহ নিয়ে আসেন। কিন্তু প্রশাসনিক জটিলতা ও অনুমোদনপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে তাঁদের অনেকে অল্প সময়ের মধ্যেই আগ্রহ হারিয়ে ফেলেন।

এ পরিস্থিতি পরিবর্তনে সরকারি সেবা সহজীকরণ, প্রশাসনিক কার্যক্রমের ডিজিটাল রূপান্তর এবং সেবাগ্রহীতার সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি। প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ সেবা ব্যবস্থা গড়ে তোলা গেলে অনিয়মের সুযোগ কমবে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

আইসিএসবির উদ্যোগের প্রশংসা

অনুষ্ঠানে আইসিএসবির ভূমিকার প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়ার এ আয়োজন দেশে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহির সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, এ সম্মাননা শুধু প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতি নয়; বরং নৈতিক নেতৃত্ব, দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং সুশাসনের প্রতি অঙ্গীকারেরও স্বীকৃতি। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অর্জন অন্য প্রতিষ্ঠানগুলোকে সুশাসনের সর্বোত্তম চর্চা অনুসরণে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইসিএসবির ১৬ বছরের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশে করপোরেট সুশাসন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানি আইনে আইসিএসবির প্রাতিষ্ঠানিক অবস্থান আরও সুসংহত করার বিষয়ে সংগঠনটির উত্থাপিত দাবি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। করপোরেট খাতে সুশাসনের সংস্কৃতি বিস্তারে বাণিজ্য মন্ত্রণালয় ও আইসিএসবি ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্মাননা পেল সুশাসনে উৎকর্ষ অর্জনকারী প্রতিষ্ঠান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর সভাপতি মোহাম্মদ শাহজাহান এফসিএস।

পরে করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন