ইস্তাম্বুলে দুই দেশের ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠকে এসব চুক্তি সই
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের প্রেসিডেনশিয়াল দোলমাবাহচে কার্যালয়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠকে এসব চুক্তি সই হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এর আগে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও প্রতিনিধিদল পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সমঝোতা।
বাণিজ্য ও শিক্ষা খাতে সহযোগিতা
ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি।
শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি।
শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে সমঝোতা
শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।
এ ছাড়া দুই দেশের ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী।

