শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ইউক্রেনের পাশে জার্মানি, শীত মোকাবিলায় বাড়তি ২০ কোটি ইউরো সহায়তা

বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে অর্থ দেবে বার্লিন; রুশ হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে কাজে লাগবে অর্থ

শীত মৌসুমে ইউক্রেনের বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে অতিরিক্ত ২০ কোটি ইউরো সহায়তা দিচ্ছে জার্মানি। শুক্রবার (১৩ নভেম্বর) বার্লিন এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মান পার্লামেন্টের বাজেট কমিটি এই তহবিল অনুমোদন করেছে। ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ ব্যবস্থায় রুশ বাহিনীর হামলায় লাখ লাখ বেসামরিক মানুষ ভোগান্তিতে পড়ার মধ্যে এ সহায়তার ঘোষণা এল।

রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোয় হামলার অভিযোগ

এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় হামলা চালানোর অভিযোগ তুলেছেন। তাঁর ভাষ্য, ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করতেই মস্কো এ কৌশল নিয়েছে।

ওয়াদেফুল বলেন, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা থেকে স্পষ্ট যে, গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার পথে না হেঁটে মস্কো মনে করছে শীতের তীব্রতা তাদের পক্ষে কাজ করবে। তবে পুতিন ইউক্রেন ও তার মিত্রদের সহনশীলতাকে খাটো করে দেখছেন এবং তাঁর এ হিসাব ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা অব্যাহত থাকবে

জার্মানির উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোভান জানিয়েছেন, বেসামরিক অবকাঠামো রক্ষা, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে বার্লিনের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, এ সহায়তা শুধু সংহতির প্রতীক নয়, ইউরোপের নিরাপত্তায়ও বড় অবদান। এর মাধ্যমে ইউক্রেনীয়রা যেন নিজ দেশে বসবাস চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করা হচ্ছে। যুদ্ধ ও ভোগান্তি বন্ধ হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতিকে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনার কথা বলেন।

ইউক্রেনকে জার্মানির সহায়তা ১০ হাজার কোটি ইউরোর বেশি

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের অন্যতম বৃহৎ দাতা দেশ হিসেবে সহায়তা দিয়ে আসছে জার্মানি।

সরকারি হিসাব অনুযায়ী, বার্লিন এ পর্যন্ত ইউক্রেনকে বেসামরিক খাতে ৪ হাজার ৫৭০ কোটি ইউরোর বেশি বা ৫ হাজার ৫০ কোটি ডলার এবং সামরিক খাতে প্রায় ৫ হাজার ৭৮০ কোটি ইউরো বা ৬ হাজার ৩৯০ কোটি ডলার সহায়তা দিয়েছে কিংবা বরাদ্দ রেখেছে।

সব মিলিয়ে জার্মানির মোট সহায়তার পরিমাণ প্রায় ১০ হাজার ৩৫০ কোটি ইউরো বা ১১ হাজার ৪৫০ কোটি ডলার। বেসামরিক সহায়তার হিসাবের মধ্যে জার্মানিতে আশ্রয় নেওয়া ইউক্রেনীয়দের জন্য ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। আর সামরিক সহায়তার হিসাবে ইতিমধ্যে সরবরাহ করা অস্ত্রের পাশাপাশি আগামী বছরগুলোর জন্য প্রতিশ্রুত সহায়তাও যুক্ত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন