শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের শাল-চাদর শিল্পে ধস, বাসাইলের ৮০ কারখানার ৭০টিই বন্ধ

সুতার দাম বৃদ্ধি, শ্রমিক সংকট ও পাওয়ার লুমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তাঁত মালিকেরা; পেশা ছাড়ছেন অনেক তাঁতি

একসময় টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই ছিল শাল-চাদর তৈরির কারখানা। বাহারি সুতা ও নকশার এসব শাল-চাদরের সুনাম ছিল দেশজুড়ে। তবে কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রমিক সংকট এবং পাওয়ার লুমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে একে একে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী তাঁত কারখানা।

বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা জাহিদুর রহমান জানান, টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় শাল-চাদর তৈরির কারখানা রয়েছে। এর মধ্যে বাসাইলের বাথুলি সাদী গ্রামে সবচেয়ে বেশি কারখানা। একসময় এ গ্রামে ৮০টি কারখানা চালু থাকলেও বর্তমানে বন্ধ হয়ে গেছে ৭০টি। চালু রয়েছে মাত্র ১০টি।

উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি পণ্যের দাম

কারখানা মালিকেরা জানান, সুতার দাম যে হারে বেড়েছে, শাল-চাদরের দাম সে হারে বাড়েনি। ফলে উৎপাদন খরচ তুলতে পারছেন না তাঁরা। লোকসানের কারণে নতুন করে বিনিয়োগ করতেও ভয় পাচ্ছেন।

বাথুলি সাদী গ্রামের তাঁত মালিক আ. ছালাম বলেন, সুতার দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না। ঋণের কিস্তি পরিশোধের পর পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। লোকসানের কারণে তাঁর ৩৬টি তাঁতের মধ্যে ১৪টি বন্ধ করে দিয়েছেন।

আরেক তাঁত মালিক মো. বাদল মিয়া বলেন, দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের শাল-চাদরের চাহিদা রয়েছে। এসব পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া এবং কম সুদে ঋণের ব্যবস্থা করা হলে শিল্পটি টিকে থাকতে পারে।

বর্তমান পরিস্থিতিতে তাঁর দুটি কারখানাও যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

কম মজুরিতে পেশা ছাড়ছেন তাঁতিরা

শুধু কারখানা মালিক নন, সংকটে পড়েছেন তাঁতিরাও। দীর্ঘ সময় কাজ করেও কম মজুরিতে সংসার চালাতে পারছেন না তাঁরা। এ কারণে অনেকে বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন।

দীর্ঘদিন ধরে এ পেশায় কাজ করছেন মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ। তাঁরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়ার লুমে কাজ করে ২০টি চাদর বুনলে প্রতিটির জন্য মজুরি পান ২৫ টাকা।

অন্যদিকে, খটখটি তাঁতে দিনে ছয় থেকে সাতটি চাদর বুনে প্রতিটির জন্য পাওয়া যায় ৫০ থেকে ৫৫ টাকা। এ আয় দিয়ে সংসার চালানো কঠিন হওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করছেন।

নানা নকশার শাল-চাদর, দাম ৭০০ থেকে ৩ হাজার টাকা

টাঙ্গাইলে সুতি, উল, সিল্ক ও মিশ্র সুতা দিয়ে বিভিন্ন নকশার শাল-চাদর তৈরি হয়। এর মধ্যে জামদানি নকশা, চেলি পাড়, ব্লক ও এমব্রয়ডারির কাজ করা চাদরও রয়েছে। নকশা ও মানভেদে এসব শাল-চাদরের দাম ৭০০ থেকে ৩ হাজার টাকা।

বাংলাদেশ তাঁত বোর্ডের টাঙ্গাইলের বাজিতপুর বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার জাহিদুর রহমান বলেন, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় অনেক মালিক লোকসানের মুখে কারখানা বন্ধ করছেন। কেউ কেউ অন্য পেশায় চলে যাচ্ছেন। সরকারি সহায়তা থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। এ শিল্প টিকিয়ে রাখতে সহায়তা আরও বাড়ানো জরুরি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন