দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান পেয়েছেন তিনি; তালিকায় রয়েছেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেনও
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকার ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ বিজয়ের মধ্য দিয়ে দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।
নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় ড. হামিদা হোসেনও
এবারের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন।
নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নিয়মিত এ তালিকায় স্থান পেয়ে আসছেন।
তবে আগের ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শীর্ষ ৫০-এর মধ্যে ৫০তম অবস্থানে থাকা ড. মুহাম্মদ ইউনূসের নাম ২০২৭ সালের সংস্করণে নেই।
যেভাবে তৈরি হয় ‘দ্য মুসলিম ৫০০’ তালিকা
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়।
তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে কোনো ক্রমতালিকা ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

