রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর

COP31-এ উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড় ও সহজ শর্তে সহায়তা নিশ্চিতের তাগিদ; নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেছেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়, সহজ শর্তে অর্থায়ন এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এর ওমান প্যাভিলিয়নে ‘Accelerating the Green Energy Transition: Financing, Technology Transfer and Partnership for Climate Action’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জলবায়ু কার্যক্রমে অর্থায়নের ঘাটতি

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার (এনএপি) আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নে পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের ঘাটতি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু মোকাবিলায় যে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যথাসময়ে বাস্তবায়িত না হলে প্রশমন ও অভিযোজন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন হবে।

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। বড় আকারের জলবায়ু ও জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান তিনি।

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশের বাস্তবতা

অধিবেশনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকির প্রসঙ্গ তুলে ধরে জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা, পরিবর্তিত আবহাওয়ার ধরন, পানিসংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, শুষ্ক মৌসুমে লবণাক্ততার তীব্রতা এবং নদীভাঙনের মতো সমস্যাগুলো আলোচনায় উঠে আসে।

এসব সমস্যার কারণে দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, পানিসম্পদ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বড় শহরমুখী অভিবাসনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

অধিবেশনে বক্তারা বলেন, ক্ষুদ্র ও স্থানীয় পর্যায়ের প্রকল্প তুলনামূলক সহজে বাস্তবায়ন করা সম্ভব হলেও বৃহৎ পরিসরের জ্বালানি রূপান্তর, অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রশমন প্রকল্প বাস্তবায়নে বিপুল বিনিয়োগ প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাকে আরও কার্যকর ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

বনসম্পদ ও কার্বন ক্রেডিটের সম্ভাবনা

আলোচনায় সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস বনসম্পদ সংরক্ষণ ও কার্বন ক্রেডিটের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুরিনামের জন্য বনাঞ্চল একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কার্বন ক্রেডিট থেকে সম্ভাব্য আয়ের উল্লেখযোগ্য অংশ পরিবেশ উন্নয়নে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ অর্থ পরিবেশ উন্নয়নে ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অধিবেশনে সবুজ জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় শুধু জাতীয় উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা, অর্থায়নের ন্যায্য প্রাপ্যতা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।

অধিবেশনে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

উচ্চপর্যায়ের এ অধিবেশনে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের সভাপতি ড. আবদুল্লাহ বিন আলী আল-আমরি, দেশটির জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী সালিম আল আউফি, সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন