সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পেট্রোরসায়ন কারখানায় আগুন

নিজনেকামস্কের শিল্পাঞ্চলে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত তিন; পৃথক হামলায় তাগানরগে বিদ্যুৎ উপকেন্দ্রের প্রকৌশলী নিহত

রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর নিজনেকামস্কে রোববার ভোরে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ হামলায় দেশটির অন্যতম বৃহৎ পেট্রোরসায়ন কারখানায় আগুন ধরে যাওয়ার খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। হামলায় তিনজন আহত হয়েছেন।

শহরটির মেয়র রাদমির বেলায়েভ টেলিগ্রামে লিখেছেন, ‘আজ ভোরে নিজনেকামস্ক শত্রুপক্ষের ড্রোনের ব্যাপক ও দীর্ঘস্থায়ী হামলার শিকার হয়েছে। এ হামলায় শহরের শিল্পাঞ্চলের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি জানান, হামলায় একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেট্রোরসায়ন কমপ্লেক্সে আগুন

প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের শহর নিজনেকামস্ককে প্রায়ই তাতারস্তানের ‘পেট্রোরসায়ন রাজধানী’ বলা হয়। শহরটিতে একটি তেল শোধনাগার ও বড় পেট্রোরসায়ন কারখানা রয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় রাশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিবুরের মালিকানাধীন নিজনেকামস্কনেফতেখিম (এনকেএনকে) পেট্রোরসায়ন কমপ্লেক্সে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে শিল্পকারখানার ওপর আগুনের শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

তাগানরগে পৃথক হামলায় নিহত প্রকৌশলী

এদিকে, রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী রস্তভ-অন-দন অঞ্চলের শিল্পনগরী ও বন্দর তাগানরগে গত রাতে ইউক্রেনের পৃথক হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রের এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার।

তাগানরগের মেয়র স্বেতলানা কামবুলোভা জানান, উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

৫৩৩ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশটির ১২টি অঞ্চল ও সংযুক্ত ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ৫৩৩টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী।

এ বিষয়ে কিয়েভের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনের দাবি, নিজেদের ভূখণ্ডে রাশিয়ার প্রাণঘাতী হামলার জবাবে তারা রাশিয়ার শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন