নতুন হামলার আশঙ্কার মধ্যে অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে
যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রাভিদ। ইরানের সঙ্গে সাত মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করল ওয়াশিংটন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের আগে হামলার জন্য তেহরান অপেক্ষা করে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে
বারাক রাভিদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ইউএসএস রুজভেল্ট’ পৌঁছানোর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। বর্তমানে অঞ্চলটিতে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন সেনা এবং কয়েক শত সামরিক উড়োজাহাজ রয়েছে।
এর আগে, ২০০৩ সালের পর প্রথমবারের মতো গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।
বর্তমানে সেখানে অবস্থান করছে ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ ও ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। এর পাশাপাশি ‘ইউএসএস বক্সার’ নামের একটি উভচর সামরিক প্রস্তুতি দলও রয়েছে।
দীর্ঘদিন দায়িত্বে থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্থলাভিষিক্ত করতেই মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’কে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি
এদিকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগে হামলার জন্য তেহরান অপেক্ষা করে থাকবে না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন করে হামলার প্রস্তুতি নিতেই হয়তো কূটনীতিকে কাজে লাগিয়ে সময়ক্ষেপণ করছে ওয়াশিংটন।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরোধ করে রাখা যাবে, কিংবা ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ সাক্ষাৎকারটির ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ।
নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির দাবি
ঘারিবাবাদি আরও বলেন, আকাশ বা স্থলপথে অবরোধ আরোপ করে ইরানে এখন পর্যন্ত সফল হতে পারেনি মার্কিন বাহিনী।
অন্যদিকে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে ‘নতুন পাল্লার’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।

