বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলা, আহত দুজন; শীত ও বৃষ্টিতে মানবিক সংকট আরও গভীর
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে চালানো এ হামলায় আরও দুজন আহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে এর আগে জানিয়েছিল, শনিবার খান ইউনিসে ড্রোন হামলায় হামাসের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
চিকিৎসাকর্মীরা শনিবার জানান, হামলায় হতাহত ব্যক্তিদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আল জাজিরার যাচাই করা ভিডিওতে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স এবং রক্তের দাগযুক্ত স্ট্রেচার দেখা গেছে। ফিলিস্তিনি সাংবাদিকরা হাসপাতালের আশপাশ থেকে ভিডিওটি ধারণ করেন।
মানবিক নিরাপদ অঞ্চল ঘোষণার পরও হামলা
ভূমধ্যসাগরের উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করছেন। ইসরায়েল আগে এলাকাটিকে মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করলেও সেখানে বারবার হামলা চালানো হচ্ছে।
সর্বশেষ হতাহতের হিসাব
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, আগের ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শীত ও বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে এরই মধ্যে তীব্র শীত শুরু হয়েছে। শীতজনিত কারণে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া) মারা গেছে ৯ মাস বয়সী একটি শিশু। চলতি শীত মৌসুমে এ ধরনের প্রথম মৃত্যুর ঘটনা এটি।
তিন বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার অধিকাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যেও তাদের তাঁবু কিংবা ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনে বসবাস করতে হচ্ছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছর পরও গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

