শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে আইন সংস্কারের উদ্যোগ: আইনমন্ত্রী

বিদেশি বিনিয়োগ বাড়াতে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা আরও কার্যকর করতে চান আইনমন্ত্রী, ১০ দিনের মধ্যে অংশীজনদের সুপারিশ আহ্বান

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যমান বাণিজ্যিক আদালত আইনকে আরও যুগোপযোগী করতে চায় সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুনির্দিষ্ট সুপারিশ চেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে আইনটি উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। আগে বিদেশি বিনিয়োগকারীদের একটি বিনিয়োগের অনুমতি পেতে ২০ থেকে ২৫টি জায়গায় যেতে হতো। এতে কমপক্ষে ছয় মাস সময় লাগত। বিনিয়োগসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বর্তমান সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এর ফলে সমন্বিত ব্যবস্থার আওতায় অল্প কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পর বিদেশি বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগ বা মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, শ্রমিকদের দায়ের করা ফৌজদারি মামলা এবং ভ্যাটসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন কারণে তাঁদের অসুবিধায় পড়তে হয়।

এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন দিয়ে বিনিয়োগকারীদের সব ধরনের সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।

বিদ্যমান আইনে সীমাবদ্ধতা, নতুন করে পর্যালোচনার উদ্যোগ

আইনমন্ত্রী বলেন, তাঁর বিবেচনায় বিদ্যমান আইনটি যথেষ্ট মানসম্মত হয়নি। এতে প্রচলিত আইনের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সালিশ আইনও এমনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে মূল সালিশি ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করতে আইনটি নতুন করে পর্যালোচনা ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনটি আরও পরিমার্জিত ও যুগোপযোগী করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সুপারিশ আহ্বান করেন তিনি।

ঢাকায় তিনটি, চট্টগ্রামে দুটি আদালতের পরিকল্পনা

প্রস্তাবিত বাণিজ্যিক আদালতের সংখ্যা ও অবস্থান সম্পর্কে আইনমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে এসব আদালত প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং এ ধরনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।

অংশীজনদের সুনির্দিষ্ট পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সভায় মৌখিক মতামত দেওয়ার পাশাপাশি প্রয়োজনে লিখিত সুপারিশও আইন মন্ত্রণালয়ে পাঠানো যাবে। আগামী ১০ দিনের মধ্যে সুপারিশ পাওয়া গেলে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পরামর্শ সভার আগেই খসড়াটি আরও পরিমার্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রস্তাবিত আইনটি যতটা সম্ভব কার্যকর, আধুনিক ও বিনিয়োগবান্ধব করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশীজনদের সহযোগিতায় আইনটি চূড়ান্ত করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের লক্ষ্য রয়েছে।

সভায় অংশ নেন দেশি-বিদেশি প্রতিনিধিরা

সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান ড. মিখাল ক্রেইজা, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর ও রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির প্রধান মার্কাস ডেভিস এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন প্রমুখ বক্তব্য দেন।

সভায় ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৭’ নামে একটি প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়। বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আইনজীবী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিনিধির মূল্যায়ন তুলে ধরা হয়। পরে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর ও মতবিনিময়ে অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন