শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জলবায়ু ঝুঁকির ভার বাংলাদেশের, অর্থায়নে বিকল্প পথের সন্ধান

২০৫০ সাল পর্যন্ত ১১৩টি অগ্রাধিকার উদ্যোগ বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন; আন্তর্জাতিক সম্মেলনে ঋণ-অনুদান নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশের মতবিরোধ

বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিচারে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সামনের সারিতে রয়েছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের মতো দুর্যোগ সরাসরি প্রভাব ফেলছে দেশের কৃষি, পানিসম্পদ, জনস্বাস্থ্য ও মানুষের জীবিকায়।

জলবায়ু অর্থায়নে নিজস্ব অর্থ ব্যবহারের লক্ষ্যে ১৭ বছর আগে দেশে গঠন করা হয় ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড। এরপর ২৭ বছর মেয়াদি অভিযোজন পরিকল্পনায় যুক্ত হয়েছে নানা উদ্যোগ। ২০৫০ সাল পর্যন্ত ১১৩টি অগ্রাধিকার উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। তবে এ বিপুল অর্থের জোগান নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

আন্তর্জাতিক সম্মেলনে অর্থায়ন নিয়ে মতবিরোধ

তুরস্কের আনতালিয়ায় এবারের জলবায়ু সম্মেলনে জলবায়ু বাজেট ও অর্থায়ন নিয়ে আলোচনা বেশ সরগরম। অর্থায়ন ঋণ হিসেবে আসবে, নাকি অনুদান হিসেবে—অর্থ কে দেবে, কী শর্তে দেবে এবং কারা পাবে—এসব প্রশ্নে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরি ওয়ার্ল্ড হাউসের তথ্য অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ সার্বিক বৈশ্বিক জলবায়ু অর্থায়নের লক্ষ্য ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ৩০০ বিলিয়ন ডলার আদায়ের লক্ষ্য রয়েছে উন্নয়নশীল দেশগুলোর। আর শুধু অভিযোজন খাতে দরিদ্র দেশগুলোর লক্ষ্য ১২০ বিলিয়ন ডলার।

এই দরকষাকষিতে বাংলাদেশ কতটা সুবিধা আদায় করতে পারবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

কার্বন ক্রেডিটসহ বিকল্প অর্থায়নে গুরুত্ব

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, জলবায়ু অর্থায়নে অনুদান সংগ্রহের পাশাপাশি দেশের অভিযোজন ও প্রশমন কার্যক্রমে বিভিন্ন অর্থের উৎস কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ‘জলবায়ু অর্থায়নে আমরা যে অনুদান নিয়ে আসব, সেটার মাধ্যমে আমাদের দেশের অভিযোজন ও মিটিগেশন করব কেবল সেটা না। একই সঙ্গে আমাদের নানা রকম সোর্সকে কাজে লাগাতে হবে।’

কার্বন ক্রেডিটের বিষয়ে তিনি জানান, জাতীয় কার্বন ক্রেডিট ফ্রেমওয়ার্কের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী এক মাসের মধ্যে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করে অনুমোদন নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন তারা। এর মাধ্যমে কার্বন ক্রেডিটের বিষয়টি একটি আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা যাবে।

বন্ড ও শস্যবিমায় সম্ভাবনা

তুরস্কের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্লেষকদের মতে, বিকল্প অর্থায়নের বড় উৎস হতে পারে বন্ড। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের কারণে ফসলের ক্ষতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে শস্যবিমা।

জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ মো. শামসুদ্দোহা বলেন, বিশ্বে অর্থনৈতিক সংকট রয়েছে। এ পরিস্থিতিতে উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতির দিকে এগোনো উচিত।

তিনি বলেন, ‘ইনোভেশন বলতে যেটা বলা হচ্ছে, ল্যান্ডেড ফাইন্যান্স একটা ইনোভেশন, বন্ড একটা ইনোভেশন।’

জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশগুলোর সম্মিলিত দাবি আদায়ে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অনুদানের পাশাপাশি কার্বন ক্রেডিট, বন্ড ও শস্যবিমার মতো বিকল্প অর্থায়ন পদ্ধতি কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন