শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জেদ্দায় দ্বিপক্ষীয় বৈঠক: বাংলাদেশের হজযাত্রীদের জন্য নতুন সুযোগের আশ্বাস

জেদ্দায় ধর্মমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর প্রতিশ্রুতি; বাংলাদেশি হজযাত্রীদের জন্য সহযোগিতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর আলোচনা

অন্য কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না পারলে বা পুরোপুরি ব্যবহার না করলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জেদ্দায় দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস

বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী জানান, কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে অথবা নির্ধারিত কোটা সম্পূর্ণভাবে ব্যবহার না করলে সংশ্লিষ্ট দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে সৌদি আরব ইতিবাচক।

এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’

সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের সম্পর্ক ও হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উদ্যোগ ও সেবার প্রশংসা করে বাংলাদেশি হজযাত্রীদের জন্য দেশটির অব্যাহত সহযোগিতায় কৃতজ্ঞতা জানান তিনি।

মন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীও হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।

বৈঠকটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন