ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত; ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন
গোপালগঞ্জে বাসচাপায় মহিবুল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ নিহত হন। আহত হন ইজিবাইকে থাকা তিন যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর বাসে আগুন
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

