শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মাদকবিরোধী সচেতনতায় পাঁচ শতাধিক মানুষের সাইকেল র‌্যালি

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে নীলফামারীর ডোমারে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ শতাধিক সাইকেল আরোহীর অংশগ্রহণে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভা ও র‌্যালি

র‌্যালির আগে মেলা পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ বিন আমিন সুমন। এ ছাড়া স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।

পরে বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক এবং ডোমার-জলঢাকা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক সাইকেল আরোহী অংশ নেন।

মাদকবিরোধী সচেতনতা তৈরির উদ্যোগ

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আশরাফুল আলম আশরাফ জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরি করাও কর্মসূচির অন্যতম লক্ষ্য।

এ সময় শিক্ষার্থী, তরুণ সমাজসহ সচেতন নাগরিকদের মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন