শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক, হাসপাতালে ভর্তি

দোয়া মাহফিলের খাবার খাওয়ার পর শুরু হয় পেটব্যথা, বমি ও ডায়রিয়া; প্রায় ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি দোয়া মাহফিলের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অর্ধশতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে তাঁদের ডায়রিয়া হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলতুতমিশ আকন্দ জানান, অসুস্থদের মধ্যে প্রায় ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি অন্য রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দোয়া মাহফিলের খাবার খেয়ে অসুস্থতা

স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনরা জানান, সম্প্রতি উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালাপানি গ্রামের বাবলু মিয়ার বড় ছেলে মারা যান। তাঁর আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার সকালে বাড়িতে দোয়া মাহফিল ও মজলিসের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।

তাঁদের ভাষ্য, মজলিসের খাবার খেয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পর অনেকের পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে অসুস্থদের কেউ সাঘাটা ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং কেউ বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। অনেকে স্থানীয় চিকিৎসকদের কাছেও চিকিৎসা নেন।

এক ঘণ্টার মধ্যেই শুরু হয় উপসর্গ

কালাপানি গ্রামের আসিফ মিয়া বলেন, মজলিসের খাবার খেয়ে বাড়ি ফেরার এক ঘণ্টা পর তাঁর পেটে ব্যথা শুরু হয়। পরে বমি ও পাতলা পায়খানা হলে মঙ্গলবার রাতেই তিনি সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

একই গ্রামের অটোরিকশাচালক আজাহার আলীও একই ধরনের অসুস্থতা নিয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে চলছে চিকিৎসা

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিহানুল ইসলাম শোভন বলেন, ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, তাঁরা সবাই সুস্থ হয়ে উঠবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলতুতমিশ আকন্দ বলেন, প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে রোগীদের ডায়রিয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন