টেলিযোগাযোগ বিভ্রাটে প্রায় ১৫ লাখ যাত্রী আটকা, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে সতর্কতা
টেলিযোগাযোগ ব্যবস্থায় বিভ্রাটের কারণে নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন প্রায় চার ঘণ্টা বন্ধ রাখার পর আবার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ৪ হাজার ৭০০ ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে আনুমানিক ১৫ লাখ যাত্রী আটকা পড়েন।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, চার ঘণ্টার বেশি সময় উড্ডয়ন বন্ধ থাকায় এবং আকাশে থাকা উড়োজাহাজগুলো একে একে অবতরণ করায় যুক্তরাষ্ট্রের আকাশপথ অনেকটাই ফাঁকা হয়ে যায়।
পুরনো প্রযুক্তি ও রাউটারের ওপর দায়
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ বিপর্যয়ের জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত চাপে অচল হয়ে পড়া রাউটারকে দায়ী করেছেন।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিকভাবে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ও ‘নিরাপত্তাজনিত কারণ’ উল্লেখ করে ফ্লাইট উড্ডয়নে স্থগিতাদেশ জারি করেছিল।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, একাধিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরের জন্য দেশব্যাপী গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এটাই ছিল যুক্তরাষ্ট্রে সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন স্থগিত রাখার দ্বিতীয় ঘটনা।
সাইবার হামলার প্রমাণ পায়নি সরকার
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, দেশের প্রতি কোনো ধরনের হুমকির কারণে ফ্লাইট স্থগিতাদেশ দেওয়া হয়নি। চলতি সপ্তাহে আলোচিত মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্র নেই।
তিনি আরও বলেন, এ বিভ্রাট সাইবার হামলার কারণে ঘটেছে—এমন কোনো প্রমাণ তাঁর মন্ত্রণালয় পায়নি।
এদিকে, এফএএর অনুরোধের পর ইউরোপের বিভিন্ন দেশ থেকেও যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে
ফ্লাইট উড্ডয়নের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগবে বলে সতর্ক করেছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। তাঁর ভাষ্য, পর্যাপ্ত ক্রু ও বিমানকর্মী পাওয়া যাচ্ছে কি না, তার ওপর ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নির্ভর করছে।
ডাফি জানান, বিমানকর্মীদের সক্ষমতা বিবেচনায় নিয়ে যত বেশি সম্ভব ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে বেশি যাত্রী বহনকারী উড়োজাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে এ বিরল বিপর্যয়ের প্রভাব পুরো সপ্তাহান্তজুড়ে থাকার আশঙ্কা রয়েছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে বহু যাত্রী আটকা পড়ার পাশাপাশি বিভিন্ন এয়ারলাইনের উড়োজাহাজ ও ক্রুরা নির্ধারিত অবস্থানে থাকতে পারছেন না।
নিউইয়র্কসহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে।

