চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৩; ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৮ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিভাগে মৃত্যু ও আক্রান্ত বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যেও সর্বোচ্চ ৪৩৪ জন ঢাকা বিভাগের।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনায় ১৬০, বরিশালে ১৪৭, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৭৬ এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ৪৮৩ জনের মৃত্যু
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ২৩৮ জন, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক।
বাকি মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে ৮ এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

