বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম

দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থাকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা

কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পৌর এলাকার থানাপাড়ায় রোগের প্রকোপ বেশি। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের প্রায় ৯০ শতাংশই এই এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার নাগরিক সেবার দুরবস্থা ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে এলাকায় এডিস মশার বিস্তার বাড়ছে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, জুন থেকে নভেম্বর পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯৭২ জন, জেনারেল হাসপাতালে ৬২৬ জন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬০ জন, ভেড়ামারায় ১২১ জন, মিরপুরে ৮০ জন, কুমারখালীতে ৬১ জন এবং খোকসায় ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

জটিল অবস্থায় থাকা ১৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীতে পাঠানো হয়েছে। এ ছাড়া চিকিৎসকদের পরামর্শে অনেক রোগী বাড়িতে থেকেও চিকিৎসা নিয়েছেন।

এই সময়ে কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহীতে পাঠানো রোগীদের মৃত্যুর হিসাব এতে অন্তর্ভুক্ত হয়নি।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ডেঙ্গু বিস্তারের আশঙ্কার কথা ছয় মাস আগেই তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছিল। এ বিষয়ে বিভিন্নভাবে জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়েছে। তবে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। প্রতিদিনই নির্ধারিত শয্যার তুলনায় বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য নারী, পুরুষ ও শিশুদের আলাদা তিনটি ওয়ার্ড রাখা হয়েছে। সেখানে প্রতিদিন ছুটি পাওয়া রোগীর তুলনায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি।

তিনি বলেন, যেসব রোগীর রক্তের প্লাটিলেট ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে এবং আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে, তাঁদেরই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। অন্যদের পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

থানাপাড়ায় ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের প্রায় ৯০ শতাংশই শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। পৌর এলাকার চরথানাপাড়া ও আমলাপাড়ার বস্তি অঞ্চলের মধ্যে থাকা অরক্ষিত ড্রেনেজ আউটলেটগুলোকে এডিস মশার প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত করছেন স্থানীয় বাসিন্দারা।

কুষ্টিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী শরীফ উদ্দিন বিশ্বাস বলেন, পৌরসভার বাসিন্দা হিসেবে নিয়মিত কর দিলেও নাগরিক সেবার মান নিয়ে তাঁরা হতাশ। তাঁর অভিযোগ, এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বাড়লেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা চোখে পড়ছে না।

তিনি বলেন, নাগরিক অধিকার আদায়ের দাবি জানানোর পরিবর্তে এখন ডেঙ্গুর ঝুঁকি থেকে পরিবার-পরিজনকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন তাঁরা।

ড্রেন অচল থাকায় মশা নিধনে মিলছে না সুফল

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশিক্ষণে থাকার কথা জানিয়ে নির্বাহী প্রকৌশলী সোহেল রানার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, হরিপুর সেতুর কাছ থেকে বড়বাজার ঘাট পর্যন্ত পৌর এলাকার পয়োনিষ্কাশনের পাঁচটি প্রধান ড্রেনেজ আউটলেট রয়েছে। তবে চরথানাপাড়া এলাকায় ঘনবসতি ও ড্রেনের ওপর ঘরবাড়ি নির্মাণের কারণে অধিকাংশ ড্রেন অচল হয়ে পড়েছে।

তাঁর ভাষ্য, মশা নিধনে পৌরসভার বিভিন্ন উদ্যোগ থাকলেও ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। এতে থানাপাড়া এলাকায় জলাবদ্ধতা ও নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক এলাকা পরিদর্শন করেছেন। শিগগিরই ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন