শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢামেকে মোবাইল চুরি, বরিশালে অক্সিজেন পাইপ কাটার চেষ্টা, আটক ২

ঢাকা ও বরিশালের দুটি হাসপাতালে পৃথক ঘটনায় আনসার সদস্যদের তৎপরতায় হাতেনাতে আটক দুই ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় চুরি এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের ক্ষতিসাধনের চেষ্টাকালে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোর ও সকালে এ দুটি ঘটনা ঘটে।

ঢামেকে রোগীর মোবাইল চুরি, আটক ১

বুধবার ভোরে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন রমনা থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১০১ নম্বর ওয়ার্ডে এক রোগীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে।

এ সময় টহলরত আনসার সদস্য মো. ইমরান হোসেন ও আশরাফুল ইসলামের তৎপরতায় টিটু (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তাঁর কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিককে শনাক্তের পর হস্তান্তর করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক ব্যক্তিকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

বরিশালে অক্সিজেন সরবরাহের পাইপ কাটার চেষ্টা

একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের পাশে অক্সিজেন সরবরাহের পাইপ কাটার সময় মো. রেজাউল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন আনসার সদস্যরা।

পিসি নগর আলীর নেতৃত্বে আনসার সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাঁকে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা, রোগী ও স্বজনদের জানমালের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম রক্ষায় আনসার সদস্যদের এ ধরনের দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপ জননিরাপত্তা নিশ্চিতে বাহিনীর পেশাদারিত্বের প্রতিফলন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন