‘ইতিহাসের স্রোত থামানো যাবে না’—চীনা প্রেসিডেন্টের মন্তব্য প্রত্যাখ্যান তাইপের; দ্বীপটির চারপাশে ২৯টি চীনা সামরিক আকাশযানের তৎপরতার খবর
তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ‘ইতিহাসের স্রোত থামানো যাবে না’ মন্তব্য করে বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান। তবে তাইপের পক্ষ থেকে তাঁর বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তবে বেইজিংয়ের এ দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইপে। চীন তাইওয়ানকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ কাঠামোর আওতায় স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে এলেও দ্বীপটির কোনো প্রধান রাজনৈতিক দলই তা সমর্থন করে না।
শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণে জোর শির
বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন শি জিনপিং। ১৯১১ সালের যে বিপ্লবের মধ্য দিয়ে চীনে শতাব্দীপ্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটে এবং ‘রিপাবলিক অব চায়না’ প্রতিষ্ঠিত হয়, সান ইয়াত-সেন ছিলেন তার অন্যতম রূপকার।
ভাষণে শি বলেন, চীন ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে অটল রয়েছে। ‘এক চীন নীতি’—অর্থাৎ তাইওয়ান প্রণালির উভয় পাশ একই দেশের অংশ—বেইজিংয়ের এই অবস্থান মেনে নিলে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত চীন।
তাইওয়ানের বাসিন্দাসহ সব চীনার প্রতি দ্বীপটির স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তির বিরোধিতা এবং প্রণালির উভয় পাশের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
তাইওয়ানের চারপাশে চীনা সামরিক তৎপরতা
তাইওয়ান প্রশ্নে বলপ্রয়োগের পথ চীন কখনোই আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেনি। বৃহস্পতিবারের ভাষণে শি বলপ্রয়োগের কথা উল্লেখ না করলেও চীনা সামরিক বাহিনী দ্বীপটির চারপাশে নিয়মিত তৎপরতা চালাচ্ছে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে চীনা যুদ্ধজাহাজের পাশাপাশি জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনসহ ২৯টি চীনা সামরিক আকাশযানকে দ্বীপটির চারপাশে ‘যৌথ যুদ্ধপ্রস্তুতি টহল’ দিতে দেখা গেছে।
চীনের অনুষ্ঠানে যোগ না দেওয়ার আহ্বান তাইওয়ানের
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি শহর শেনজেনে অ্যাপেক (এপিইসি) শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে এবং তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনের দুই সপ্তাহের কিছু বেশি সময় আগে শি জিনপিং এ ভাষণ দিলেন। শেনজেনের ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শির আবারও বৈঠক করার কথা রয়েছে।
গত মাসেই তাইওয়ান তাদের নাগরিকদের সান ইয়াত-সেনের জন্মবার্ষিকী উপলক্ষে চীনের যেকোনো আয়োজন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল। তাইপের অভিযোগ, সান ইয়াত-সেন ও তাঁর আদর্শকে বিকৃতভাবে উপস্থাপন করছে চীন।
চীন সান ইয়াত-সেনকে মহান জাতীয় বীর, দেশপ্রেমিক এবং ১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবের অগ্রদূত হিসেবে অভিহিত করে। ওই বিপ্লবে পরাজিত হয়ে ‘রিপাবলিক অব চায়না’ সরকার তাইওয়ানে পালিয়ে যায় এবং এখনো সেখানেই টিকে আছে।
শি জিনপিং তাঁর ভাষণে সান ইয়াত-সেনকে ‘চীনের গণতান্ত্রিক বিপ্লবের মহান পথিকৃৎ’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “সান ইয়াত-সেন সবসময় দেশের ঐক্য ও জাতির সংহতি সমুন্নত রেখেছেন এবং দেশ বা জাতিকে বিভক্ত করে এমন সব কথা ও কাজের দৃঢ় বিরোধিতা করেছেন।”
তাইওয়ানে সান ইয়াত-সেন ‘জাতির পিতা’
তাইওয়ানে সান ইয়াত-সেন আনুষ্ঠানিকভাবে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃত। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে তাঁর প্রতিকৃতি টাঙানো থাকে। তবে স্কুলশিক্ষার্থীদের জন্য তাঁর রাজনৈতিক দর্শন ‘থ্রি প্রিন্সিপালস অব দ্য পিপল’ বা জনগণের তিন নীতি এখন আর বাধ্যতামূলক পাঠ্য নয়।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এবং তাঁর ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) চীন থেকে তাইওয়ানের স্বতন্ত্র পরিচয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরে। পাশাপাশি ‘রিপাবলিক অব চায়না’র ঐতিহাসিক ভূমিকা নিয়েও তারা সম্প্রতি বেইজিংয়ের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের কৃতিত্ব চীনের দাবি করার চেষ্টায় বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছে তাইওয়ান। তাদের মতে, মিত্রশক্তির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ‘রিপাবলিক অব চায়না’ সরকার। কারণ, সে সময় ‘পিপলস রিপাবলিক অব চায়না’র কোনো অস্তিত্বই ছিল না।
চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে আখ্যা দিয়ে তাঁর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। অন্যদিকে, লাইয়ের বক্তব্য, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

