বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইসরাইলের দক্ষিণাঞ্চলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধ রামন বিমানবন্দর

লোহিত সাগর ও আকাবা উপসাগরসংলগ্ন এলাকায় কম্পন অনুভূত; ইলাতসহ বিভিন্ন স্থানে সতর্কসংকেত, হতাহতের খবর নেই

ইসরাইলের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) লোহিত সাগর ও আকাবা উপসাগরসংলগ্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের সতর্কতা হিসেবে পর্যটন শহর ইলাতসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কসংকেত বাজানো হয়। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে তা আবার চালু করা হয়েছে।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ সিনাইয়ের তাবা এলাকার কাছে। এলাকাটি ইসরাইল থেকে প্রায় ২২৪ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৪ এবং গভীরতা ৮ কিলোমিটার বলে জানানো হয়েছিল। পরে দেশটির জ্বালানি ও অবকাঠামো মন্ত্রণালয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে ভূমিকম্পের মাত্রা সংশোধন করে ৪ দশমিক ৫ বলে জানায়।

ইলাতসহ বিভিন্ন এলাকায় সতর্কসংকেত

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের পর ইলাত, ইলোত, বিয়ার ওরা, এলিফাজ, তিমনা খনি এলাকা এবং শাহোরেত শিল্পাঞ্চলসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কসংকেত বাজানো হয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সতর্কসংকেত পাওয়ার পর রামন বিমানবন্দর খালি করে দেওয়া হয় এবং সাময়িকভাবে এর কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দরটি আবার চালু করা হয়।

বিমানবন্দরে ভাঙা কাচ, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

ইসরাইলের সংবাদমাধ্যম এন১২ নিউজ জানিয়েছে, ভূমিকম্পের পর রামন বিমানবন্দরে ভাঙা কাচ পাওয়া গেছে। তবে এ ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট জরুরি সেবা সংস্থাগুলো।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন