কারিগরি ত্রুটিতে ‘নির্ভীক’-এর বুম ভেঙে দুর্ঘটনা, উদ্ধারকাজে নারায়ণগঞ্জ থেকে বরিশালের পথে ‘প্রত্যয়’
বরিশালের কীর্তনখোলা নদীতে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন পরিচালনার কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্ধারে বরিশালের পথে ‘প্রত্যয়’
ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজ ও নদীতে পড়ে যাওয়া ক্রেনের অংশ উদ্ধারে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর অপর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে যাত্রা করেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।
তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

