গাড়ির ওপর বিস্ফোরিত একটি ককটেল, গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ওপর।
বিস্ফোরণে আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।’

