বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাজধানীর চার এলাকায় হাতবোমা বিস্ফোরণ, শ্যামলীতে বাসে আগুন

আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁওয়ে বিস্ফোরণ; শ্যামলীতে বাসে অগ্নিসংযোগ

রাজধানীর মহাখালী, আদাবর, তেজগাঁও ও আসাদগেট এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। একই রাতে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

আসাদগেটে মোটরসাইকেলে এসে বোমা বিস্ফোরণ

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানা পুলিশ এক বার্তায় জানায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ফিলিং স্টেশনের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি।

আদাবর, মহাখালী ও তেজগাঁওয়ে বিস্ফোরণ

পুলিশ জানায়, রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানান। তিনি আরও বলেন, রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে কে বা কারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ আহত হননি।

শ্যামলীতে বাসে আগুন

এর আগে রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন