বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, মানি লন্ডারিং প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন আইজিপি ও আমিরাতের রাষ্ট্রদূত।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।

নিরাপত্তা সহযোগিতা জোরদারে গুরুত্ব

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার পাশাপাশি মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাইবার অপরাধ ও স্মার্ট পুলিশিংয়ে সহযোগিতা

মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ দমন এবং ডিজিটাল ফরেনসিক তদন্তের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইজিপি আন্তঃদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন