অপরাধ দমন, অবৈধ মাছ শিকার প্রতিরোধ ও মানবিক সেবায় সক্রিয় ছিলেন প্রায় ৬০ লাখ স্বেচ্ছাসেবী; জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল ও সরঞ্জাম
জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আর্থসামাজিক উন্নয়নে ২০২৬ সালের অক্টোবর মাসেও দেশজুড়ে সক্রিয় ভূমিকা রেখেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা। মাসজুড়ে বিভিন্ন অভিযান ও কার্যক্রমে ছিনতাইকারী, মলম পার্টি, দালাল, চোর ও মাদক চক্রের ১২ জনকে আটক করেছেন বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয়েছে ইয়াবা, মাদকদ্রব্য, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী।
বাহিনীর প্রায় ৬০ লাখ স্বেচ্ছাসেবী সদস্য দেশের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা রক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করেন।
অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান
অক্টোবর মাসে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৭৬ পিস ইয়াবা, ১৪ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২২ বোতল মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করেন সদস্যরা।
অপরাধ দমনের অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে ছিনতাইকারী, মলম পার্টি, দালাল, চোর ও মাদক চক্রের ১২ জনকে আটক করা হয়।
অবৈধ মাছ শিকার প্রতিরোধ ও উচ্ছেদ অভিযান
অবৈধ মাছ শিকার প্রতিরোধে পরিচালিত অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪০০টি কিরণমালা জাল, ৬ হাজার মিটার কোনা জাল, ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ২টি চায়না দুয়ারি জাল, ৬টি নৌকা ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এসব ঘটনায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বৈদ্যুতিক তার, ২০ বস্তা সার ও একটি দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।
মানবিক সেবায়ও সক্রিয় আনসার-ভিডিপি
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমেও ভূমিকা রেখেছেন বাহিনীর সদস্যরা। হারিয়ে যাওয়া শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া, ঝড়ে উপড়ে পড়া গাছ অপসারণ এবং অসহায় এক বৃদ্ধের ঘর নির্মাণে সহযোগিতা করেছেন তাঁরা।
আর্থসামাজিক উন্নয়নেও অংশগ্রহণ
আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ, পশুপাখির টিকাদান, মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান এবং ভাঙা রাস্তা মেরামতে অংশ নিয়েছেন আনসার-ভিডিপির সদস্যরা।
পাশাপাশি প্রশিক্ষণ ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ কাজে লাগিয়ে কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখছেন তাঁরা।
তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ
১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, গণপ্রতিরক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠিত হয়। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে বাহিনীটি আরও সুসংগঠিত ও বিকশিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
জননিরাপত্তা, মানবিক সেবা ও সামাজিক উন্নয়নে অতন্দ্র প্রহরী হিসেবে ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

