শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আইজিপির সঙ্গে আইজেএম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

মানবপাচার প্রতিরোধ ও ডিজিটাল অপরাধ তদন্তে সহযোগিতা জোরদারের আলোচনা; পুলিশ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা ও ভিকটিম সুরক্ষায় যৌথভাবে কাজ করবে দুই পক্ষ

মানবপাচার প্রতিরোধ, ভিকটিম উদ্ধার এবং ডিজিটাল অপরাধ তদন্তে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশ পুলিশ ও ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশের মধ্যে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল আর্থিক তদন্তে কারিগরি সহায়তা এবং ভিকটিম সুরক্ষায় কার্যকর পদ্ধতি প্রণয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে উভয় পক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

মানবপাচার প্রতিরোধে যৌথ কার্যক্রমের প্রশংসা

সাক্ষাৎকালে আইজিপি মানবপাচার প্রতিরোধ ও ভিকটিম উদ্ধারে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং আইজেএমের যৌথ কার্যক্রমের প্রশংসা করেন।

বৈঠকে সম্প্রতি রাজারবাগের ডিটেকটিভ ট্রেনিং স্কুলে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের জন্য আয়োজিত বিশেষ প্রশিক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ওই প্রশিক্ষণে ব্লকচেইন ট্রেসিং, ডার্ক ওয়েব-সংক্রান্ত তদন্ত এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মতো আধুনিক তদন্ত কৌশল অন্তর্ভুক্ত ছিল।

সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি সহযোগিতায় ঐকমত্য

ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ফিন্যান্সিয়াল তদন্তে কারিগরি সহায়তা, ভিকটিম সুরক্ষায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন এবং আন্তঃসংস্থা সমন্বয় জোরদারের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।

আইজিপি কারিগরি জ্ঞান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সংঘবদ্ধ অপরাধ এবং মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল তদন্তে বিশেষ ব্রিফিং

সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল তদন্ত বিষয়ে দুই ঘণ্টাব্যাপী বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন