শিক্ষার্থীদের পড়াশোনা, জ্ঞান অর্জন ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান; বঙ্গভবন পরিদর্শন করল রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং বঙ্গভবন পরিদর্শনে এলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজ কর্মস্থলে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’
নীতিমালার আওতায় দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে বঙ্গভবন পরিদর্শন
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বঙ্গভবন পরিদর্শন করেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। তাঁদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সুদূর রাঙ্গামাটি থেকে বঙ্গভবন পরিদর্শনে আসায় শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
দেশের ইতিহাস ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জানার আহ্বান
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে উল্লেখ করে তিনি বলেন, এ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
এ সময় বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়ে জানতে চান রাষ্ট্রপতি। একই সঙ্গে বঙ্গভবনে সংরক্ষিত গুণী ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি এবং ঐতিহাসিক স্মারক সম্পর্কে ধারণা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন। পরে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এ সময় রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘রাঙ্গামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙ্গামাটি সফর করব।’
পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

