শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গাজায় এক দিনে ইসরাইলি হামলায় ৯ জন নিহত

নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহত ৬, বৃষ্টিতে পানিতে ডুবে গেছে অন্তত ৭০ হাজার তাঁবু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন। এদিকে ভারী বৃষ্টিতে বন্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। তাঁদের আশ্রয়ের জন্য জরুরি ভিত্তিতে জলরোধী তাঁবু সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলায় নিহত ৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নিয়মিত প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ রয়েছে ইসরাইলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, এ হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) গাজা সিটির দক্ষিণে আল-সাবরা এলাকায় ইসরাইলি হামলায় একজন নিহত হন। মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারান আরও একজন। এ ছাড়া গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আল-নাসর এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন একজন।

বাস্তুচ্যুতদের তাঁবুতেও হামলা

গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, ইসরাইলি হামলায় বেসামরিক মানুষও লক্ষ্যবস্তু হচ্ছেন। বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় কাজ করতে গিয়েও মানুষ প্রাণ হারাচ্ছেন। পানির ট্যাংকে পানি ভরতে যাওয়া এক ব্যক্তি ড্রোন হামলায় নিহত হয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আল-জালা সড়কে নিজেদের তাঁবুতে আশ্রয় নেওয়া অবস্থায় আল-আবসি পরিবারের দুই ভাই নিহত হয়েছেন। গাজার কোথাও এখন আর নিরাপদ নয় বলেও মন্তব্য করেন এই সাংবাদিক।

বৃষ্টিতে ডুবে গেছে ৭০ হাজার তাঁবু

ইসরাইলি হামলার পাশাপাশি ভারী বৃষ্টিতেও ভয়াবহ দুর্ভোগে পড়েছেন গাজার বাস্তুচ্যুত মানুষ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে।

এ পরিস্থিতিতে বন্যার ঝুঁকিতে থাকা কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য আরও জলরোধী তাঁবু পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন