নিজ শহর ধ্বংস, স্বজন ও সহকর্মীদের মৃত্যু এবং প্রাণনাশের ঝুঁকির মধ্যেও সংবাদ সংগ্রহ করেছেন এএফপির স্থানীয় সাংবাদিকরা; তাঁদের অভিজ্ঞতা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ইনসাইড গাজা’
সাংবাদিকরা নিজেরাই যখন সহিংসতার শিকার হন, সংঘাতের এতটা কাছাকাছি থেকেও তাঁদের সাক্ষ্য যখন অবিশ্বাসযোগ্য বলে তুলে ধরা হয়, তখন তাঁরা কীভাবে যুদ্ধের খবর সংগ্রহ ও পরিবেশন করেন? ‘ইনসাইড গাজা’ নামের নতুন একটি প্রামাণ্যচিত্রে এই প্রশ্নই সামনে এনেছেন পরিচালক হেলেন লাম ত্রং।
প্রামাণ্যচিত্রটিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির কয়েকজন সাংবাদিকের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর তাঁরা গাজায় আটকা পড়েন। নিজ শহর ধ্বংস হয়ে যাওয়া, পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রাণহানির মধ্যেও নিজেদের বেঁচে থাকার সংগ্রামের পাশাপাশি তাঁদের পালন করতে হয়েছে সংবাদ সংগ্রহের কঠিন দায়িত্ব।
লস অ্যাঞ্জেলেসে দ্য আমেরিকান ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত প্রামাণ্যচিত্রটি সম্পর্কে স্বাধীন সাংবাদিক ও নির্মাতা লাম ত্রং এএফপিকে বলেন, অধিকাংশ আন্তর্জাতিক সংবাদদাতা যুদ্ধ বা কোনো বড় ঘটনার খবর সংগ্রহ করে পরে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন। কিন্তু ফিলিস্তিনি সাংবাদিকদের সেই সুযোগ ছিল না।
তাঁর ভাষায়, গাজার সাধারণ মানুষের মতো সাংবাদিকেরাও সেখানে আটকা পড়েছিলেন। বেরিয়ে যাওয়ার কোনো পথ ছিল না। দিন যত গড়িয়েছে, তাঁরাও যুদ্ধের শিকারে পরিণত হয়েছেন।
প্রশ্নের মুখে সাংবাদিকতা
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। তাঁদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। এ সময় সশস্ত্র হামলাকারীরা ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে।
হামলার পরপরই ইসরায়েল গাজা উপত্যকার সীমান্ত বন্ধ করে দেয় এবং বিদেশি সাংবাদিকদের সেখানে প্রবেশে বাধা দেয়। এরপর উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটি। ইসরায়েলি হামলায় গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ অভিযানে ৭৩ হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের বিবেচনায় এ হিসাব নির্ভরযোগ্য।
গাজায় নতুন করে সাংবাদিকদের কোনো দল পাঠাতে না পারায় সেখানকার পরিস্থিতি তুলে ধরতে এএফপিকে পুরোপুরি নির্ভর করতে হয় স্থানীয় কর্মীদের ওপর। তাঁদের অনেকেই অভিজ্ঞ সাংবাদিক, আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক; আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁদের।
লাম ত্রং বলেন, এ ধরনের সাংবাদিক না থাকলে এএফপির হাজারো সংবাদমাধ্যম গ্রাহকের কাছে পাঠানো খবরের মাধ্যমে বাইরের বিশ্ব গাজার প্রকৃত পরিস্থিতি জানতে পারত না।
গাজার মাঠপর্যায়ের সাংবাদিকদের তৈরি করা প্রতিবেদন, ছবি ও ভিডিও এবং পরে তাঁরা গাজা ছেড়ে যাওয়ার পর নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। এতে সাংবাদিকেরা তাঁদের কাজ নিয়ে প্রশ্ন তোলা এবং তাঁদের প্রতিবেদন ও ছবি গণমাধ্যমে প্রকাশ না করার ঘটনায় হতাশার কথা তুলে ধরেছেন।
ছবি ও প্রতিবেদন প্রকাশ না হওয়ায় ক্ষোভ
প্রামাণ্যচিত্রের একটি দৃশ্যে দেখা যায়, ইসরায়েলপন্থী প্রচারকারীরা নিহত এক শিশুর প্রকৃত ছবিকে পুতুল ব্যবহার করে সাজানো দৃশ্য বলে দাবি করায় সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করছেন।
এএফপির গাজা ব্যুরোপ্রধান আদেল জানুন বলেন, ‘এএফপির ছবি, সংবাদ প্রতিবেদন ও ভিডিও বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে। কিন্তু এই যুদ্ধে আমাদের কিছু ছবি কখনোই ব্যবহার করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের উদ্বিগ্ন করেছে, এমনকি আতঙ্কিতও করেছে। কারণ, যুদ্ধের প্রথম দিনগুলো থেকেই নিহত হাজার হাজার ফিলিস্তিনি যেন গণমাধ্যমের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছিলেন।’
ঐতিহ্যবাহী সাংবাদিকতার প্রতি দর্শক-শ্রোতাদের আগ্রহ কমে যাওয়া, অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার এবং পছন্দের খবর প্রকাশ না করায় রাজনীতিবিদদের বিভিন্ন গণমাধ্যমকে আক্রমণের প্রেক্ষাপটে সংবাদ সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকা জরুরি বলে মনে করেন লাম ত্রং।
গাজায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেন।
এএফপি ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তদন্তে বলা হয়েছে, সম্ভবত ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে তাঁদের কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
লাম ত্রং বলেন, ‘বিশেষ করে গাজায় সাংবাদিকতা ও সাংবাদিকরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছেন। কারণ, সেখানে সাংবাদিকদের হত্যা, হামলা ও নিপীড়নের শিকার হতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাঠপর্যায়ে থেকে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য আমাদের প্রচারযুদ্ধের অংশ বলে অভিযুক্ত করা উচিত নয়।’
আলবার্ট লন্ড্রেস পুরস্কারপ্রাপ্ত লাম ত্রং আশা করছেন, আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার পাওয়া এবং অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা প্রামাণ্যচিত্রটি সাংবাদিকতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে।
তিনি বলেন, ‘পুরস্কারের মৌসুমে হলিউডের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে—সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে এবং সাংবাদিকদের রক্ষা করতে হবে। শুধু সাংবাদিকতাকে নয়, সাংবাদিকদেরও।’

