২০২৯ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা সংকটের ‘মীমাংসা’ চান মার্কিন প্রেসিডেন্ট; দেশটির ওপর চাপ বাড়ানোর পাশাপাশি সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি
কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি ‘অবশ্যই বিবেচনা করবেন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ২০২৯ সালে দায়িত্ব ছাড়ার আগেই কিউবা-সংক্রান্ত সমস্যার ‘মীমাংসা’ করতে চান বলে জানিয়েছেন তিনি।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে বৃহস্পতিবার (১২ নভেম্বর) টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ‘কিউবাকে মুক্ত করার’ বিষয়টি তিনি বিবেচনা করছেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে চাই।’ এ সময় তিনি আরও জানান, তাঁর প্রশাসন বিষয়টি ‘খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’।
পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম কোনো নির্দিষ্ট সময়সীমার ইঙ্গিত দিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ধরনের পদক্ষেপ নিতে ‘খুবই আগ্রহী’ হবেন। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত।
ট্রাম্প বলেন, ‘যেসব কিউবান যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে খুব খারাপ আচরণের শিকার হয়েছেন, তাঁদের জন্য আমি এটি করতে পারলে খুব খুশি হব।’
কিউবার ওপর চাপ বাড়ানোর অভিযান
কিউবার ক্ষমতাসীন সরকারকে উৎখাতের হুমকি ট্রাম্প আগেও একাধিকবার দিয়েছেন। সম্প্রতি তিনি বলেন, কিউবার সরকারের পতন ‘খুব শিগগিরই’ ঘটবে এবং যুক্তরাষ্ট্র ‘মানবিক ভিত্তিতে’ দেশটিকে সহায়তা করবে।
এর আগে মার্চে কিউবার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ার সময় ট্রাম্প বলেছিলেন, কিউবাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার ‘গৌরব’ তাঁর হতে পারে।
জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেন ট্রাম্প। এর ফলে কার্যত কিউবার ওপর তেল অবরোধ আরোপ করা হয়।
এ ছাড়া একটি নির্বাহী আদেশে কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে ঘোষণা করেন তিনি। একই সঙ্গে যেসব দেশ কিউবায় জ্বালানি সরবরাহ করবে, সেসব দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন।
মার্কিন অবরোধের কারণে কিউবায় বারবার বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পাশাপাশি জ্বালানি ও খাদ্যসংকট তীব্র হয়েছে এবং মানবিক সংকট তৈরি হয়েছে। কিউবার কর্মকর্তারা মার্কিন পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করেছেন।
নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে ওয়াশিংটন
কিউবার ওপর নিষেধাজ্ঞার পরিধিও বাড়িয়েছে ওয়াশিংটন। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি, প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এবং সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
কিউবার সরকার, সামরিক বাহিনী ও তেলশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে ওয়াশিংটন।
এর আগে মার্চে মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান সিনেটরদের জানিয়েছিলেন, কিউবায় সামরিক অভিযানের জন্য মার্কিন সেনারা কোনো মহড়া দিচ্ছেন না। অন্যদিকে কিউবার কর্মকর্তারা বলেছেন, যেকোনো ধরনের হামলা মোকাবিলায় তাঁদের দেশ প্রস্তুত রয়েছে।

